সড়ক দুর্ঘটনা রোধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে—আগামী এক সপ্তাহের মধ্যে তা জনসমক্ষে প্রকাশ করার জন্য সিলেট-ঢাকা মহাসড়কে চলাচলকারী ইউনিক বাস সার্ভিস কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। অন্যথায় তাঁরা সিলেটে ইউনিক বাস বয়কট করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। গত ২০ আগস্ট ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে সিলেট ওসমানী মেডিকেল কলেজের ৪৬ ব্যাচের চতুর্থ বর্ষের ছাত্র আশরাফুল ইমাম ভূঁইয়া শাকিল (২৩) মারা যান। সিলেট-সুনামগঞ্জ সড়কের নবীগঞ্জে ইউনিক বাস সার্ভিসের (ঢাকা-মেট্রো-ব-১১-২৫৬৪) যাত্রী ওই মেডিকেল শিক্ষার্থীর মৃত্যুর পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার শিক্ষার্থীরা মানববন্ধন করে এ দাবি জানান। পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে সাত দফা দাবি পূরণে বাসমালিক সমিতি ও সরকারের প্রতি আহ্বান জানানো হয়।গতকাল সকালে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন হয়। পাঁচ শতাধিক মেডিকেল শিক্ষার্থীর মানববন্ধন থেকে জানানো হয়, এ ঘটনার পরিপ্রেক্ষিতে মেডিকেল শিক্ষার্থীরা খোঁজ নিয়ে জানতে পারেন চালকের অসতর্কতায় দুর্ঘটনাটি ঘটে। মানববন্ধন থেকে লিখিতভাবে বাসমালিক সমিতি ও সরকারের প্রতি সাত দফায় বিভিন্ন সুপারিশ ও দাবি পেশ করা হয়। বাসমালিকদের প্রতি লাইসেন্সপ্রাপ্ত ও দক্ষ চালক নিয়োগ, অতিরিক্ত যাত্রী পরিবহন না করা এবং দুর্ঘটনা কমাতে আরও কঠোর আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।