সড়ক দুর্ঘটনা রোধে পাবনায় চালকদের প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে গতকাল রোববার পাবনায় পরিবহনচালকদের দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। পাবনা জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পাবনা শাখা ও জেলা প্রশাসন। সকাল ১০টায় সড়ক দুর্ঘটনা রোধে করণীয় বিষয় নিয়ে আলোচনার মধ্য দিয়ে কর্মশালা শুরু হয়। জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বিআরটিএ পাবনা শাখার উপপরিচালক রফিকুল ইসলাম, বিআরটিএর পরিচালক (প্রশাসন) তপন কুমার সরকার, জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক, বিআরটিএ রাজশাহী বিভাগের উপপরিচালক মাসুদুল আলম, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি বেবী ইসলাম, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি শহীদুল্লাহ শেখ, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান প্রমুখ। কর্মশালায় গাড়িচালকদের স্বাস্থ্যসমস্যা ও গাড়ি চালনাকালীন ঝুঁকি মোকাবিলায় পরামর্শ, ট্রাফিক আইন, ট্রাফিক চিহ্ন ও সংকেত, লেনবিধি, মোটরযান অধ্যাদেশ, মোটরযানের চলাচল উপযোগিতা, গাড়ি চালানোর অনুমতিপত্রসহ (লাইসেন্স) বিভিন্ন বিষয়ে চালকদের পরামর্শ দেওয়া হয়। ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের পক্ষ থেকে কর্মশালায় সহযোগিতা করা হয়। কর্মশালায় প্রায় ১৫০ জন গাড়িচালক অংশ নেন।