সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন কার্যকর গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা রোধে, রাস্তায় চলাচলে যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। সেই সঙ্গে চালকদের পেশাগত ও আচরণগত দক্ষতা বাড়াতেও উদ্যোগ নিতে হবে।

আজ রোববার সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের (এআরআই) উদ্যোগে আয়োজিত ‘দুর্ঘটনা প্রতিরোধে কৌশলগত পরিকল্পনা: যৌথ গবেষণা ও অনুধাবন’ শীর্ষক এক সেমিনারে সড়ক দুর্ঘটনা রোধে এই পরামর্শগুলো উঠে আসে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় অহেতুক মৃত্যু হচ্ছে। এটা রোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সেমিনারে উপস্থাপিত মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের মহাসড়কগুলোয় সিংহভাগ সড়ক দুর্ঘটনার প্রধান কারণ যানবাহনের অতিরিক্ত গতি। সেই সঙ্গে দক্ষ চালকের অভাবেও সড়ক দুর্ঘটনার সংখ্যা রোধ করা যাচ্ছে না।

সেমিনারে গতি নিয়ন্ত্রণে আধুনিক স্পিড ক্যামেরা স্থাপন, মহাসড়কে নজরদারির জন্য স্থায়ী লোকবল নিয়োগ, চালকদের জন্য পর্যাপ্ত উন্নত ড্রাইভিং স্কুল স্থাপনসহ বেশ কিছু সুপারিশ বাস্তবায়নের জন্য দুটি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। এ ছাড়া সড়ক দুর্ঘটনাবিষয়ক গবেষণার একমাত্র প্রতিষ্ঠান হিসেবে এআরআইয়ের আধুনিকায়নের জন্য একটি কারিগরি সাহায্যবিষয়ক পরিকল্পনা উপস্থাপন করা হয়।