সড়ক দুর্ঘটনা রোধে বিদ্যমান আইনের প্রয়োগ জরুরি, দরকার কিছুটা সংস্কারও: বিচারপতি খায়রুল হক

সড়ক দুর্ঘটনা রোধে বিদ্যমান আইনের প্রয়োগ জরুরি ও আইনের কিছুটা সংস্কারও দরকার বলে মনে করছেন আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।
আজ শনিবার রাজধানীর নায়েম রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খায়রুল হক এ কথা বলেন। তিনি বলেছেন, আইনের কিছুটা সংস্কারও দরকার। সবচেয়ে জরুরি বিদ্যমান আইনের প্রয়োগ। নতুন আইন তৈরি করতে বা সংশোধন করতে কিছুটা সময় লাগবে। যে আইন আছে সেটি ঠিকভাবে প্রয়োগ হয় না, এটি আজকের দিনে সব থেকে বড় সমস্যা।
একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে সরকারের উদ্দেশে খায়রুল হক বলেন, ‘সরকার নতুন আইন করবে, ভালো কথা। বিদ্যমান আইনে আছে, ৪০০ টাকাই হোক, আর দুই মাসই হোক—তারপরও সেগুলো যদি প্রয়োগের চেষ্টা করা হয়, তাহলে কিন্তু যথেষ্ট দুর্ঘটনা কমবে। বিশেষ করে গাড়িতে স্পিড গভর্নর (গতি নিয়ন্ত্রক) লাগানোর ব্যবস্থা করার অনুরোধ করছি।’
খায়রুল হক বলেন, ‘৩৫ বছর আগের আইনে (মোটর যান অধ্যাদেশ) ৪০০-৫০০ বা ২০০ টাকা জরিমানার ব্যবস্থা আছে, যা হয়তো তখন ঠিক ছিল। এত বছর পর এটি যথেষ্ট মনে হয় না। এটি জরুরি ভিত্তিতে বাড়ানো প্রয়োজন। আইনে আছে, গুরুতর আহত হলে দোষী ব্যক্তির দুই বছর সাজা। হয়তো আহত ব্যক্তি জীবনের মতো পঙ্গু হয়ে গেলেন, অথচ মাত্র দুই বছরের শাস্তি, এটি অপর্যাপ্ত বলে মনে হয়। চালকের অবহেলার কারণে যদি মারা যায়, সেখানেও তিন বছর—এ ক্ষেত্রেও শাস্তির মাত্রা কিছুটা বাড়ানো উচিত। তবে কতটুকু বাড়বে, তা সংসদ সদস্যরা ঠিক করবেন।’
সাবেক এই প্রধান বিচারপতি বলেন, ‘ড্রাইভার তো গাড়ির মালিক নন। ড্রাইভারের লাইসেন্স আছে কি না, গাড়ির মালিক দেখবেন না? ওনার এটি দেখার দায়িত্ব ছিল। তিনি যদি এটি না দেখেন, তাহলে তাঁকেও তো কিছু শাস্তি নিতে হবে। গাড়ি যদি চালাতে হয়, আইন অনুসারে চালাতে হবে, দায়-দায়িত্ব নিয়ে চালাতে হবে। এখানে আইনের সংশোধন প্রয়োজন। ত্রুটিপূর্ণ যান হলেও সেখানে মাত্র এক মাস জেল আর ২০০ টাকা জরিমানার ব্যবস্থা আছে। ত্রুটিপূর্ণ যানের তো রাস্তায় নামারই কথা না। এ ক্ষেত্রেও আইন অবিলম্বে সংশোধন করা প্রয়োজন।’
সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যুর প্রেক্ষাপটে ২০০৮ সালের ১০ মার্চ হাইকোর্টের বিচারপতি থাকার সময় নিজের দেওয়া নির্দেশনার প্রসঙ্গও টানেন বিচারপতি খায়রুল হক। তিনি বলেন, ‘দেশের গাড়িতে গভর্নর সিল (গতি নিয়ন্ত্রক) কেন লাগানো হবে না, এ মর্মে ২০০৭ সালের ডিসেম্বরে রুল দেওয়া হয়। তখন মনে হয়েছিল গাড়ির গতি আইনে যে সীমা আছে, সে সীমার মধ্যে রাখা গেলে দুর্ঘটনা বহুলাংশে কমে যাবে। মোটর যান বিধিমালায়ও আছে, গভর্নর সিল লাগানো বাধ্যতামূলক। এটি বাস্তবায়নের জন্য ২০০৮ সালের ১০ মার্চ আদেশ দেওয়া হয়, এক বছর সময় দেওয়া হয়েছিল। এটি ওই অবস্থায় আছে। গতি যদি একবার কমিয়ে দিতে পারি, তাহলে সম্ভবত দুর্ঘটনার হার শতকরা ৬০/৭০ ভাগ কমে যাবে। সড়ক দুর্ঘটনার যতগুলো প্রতিবেদন পড়ি, বেশির ভাগই দেখা যায় দ্রুত গাড়ি চালানোয়, সেটি মহাসড়কে হোক বা ঢাকায় হোক।’
বিচারপতি খায়রুল হক বলেন, ‘১০ বছর পরও সাধারণ নাগরিক হিসেবে সে কথা পুনরায় বলছি, যদি এখন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্তৃপক্ষ অনুগ্রহ করে ওই বিষয়টি বিবেচনা করেন, কৃতজ্ঞ থাকব।’ গভর্নর সিল লাগানোর বিধান যদি বাস্তবায়ন করা হয়, তাহলে দুর্ঘটনা রাতারাতি কমে যেতে বাধ্য বলেও মনে করেন তিনি।
বিদ্যমান আইন মানা হচ্ছে না, এ থেকে উত্তরণের উপায় কী? এমন প্রশ্নে বিচারপতি খায়রুল হক বলেন, ‘শুধু এই আইন নয়, সব আইন সম্বন্ধে বলি, যত্রতত্র বলা হয়, আইন সংশোধন করা দরকার, আইন পরিবর্তন করা দরকার। যে আইন আছে সেটিও প্রয়োগ করতে পারি না, তাহলে নতুন আইন করে লাভটা কী হবে?’
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষতিপূরণ পাওয়া নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিচারপতি খায়রুল হক বলেন, ‘ডিক্রি হওয়ার পরও কার্যকর করার ক্ষেত্রে আটকে যাই। দেখা যায় কার্যকর করতে গিয়ে লোক ও জায়গা-জমি পাওয়া যায় না, অ্যাকাউন্ট পাওয়া যায় না, নানান রকম সমস্যা হয়। এ ক্ষেত্রে আইনের দুর্বলতা আছে। এমন ক্ষেত্রে সরকারের সমর্থন দেওয়া উচিত, লিগ্যাল এইড আছে, তারাও সহায়তা করতে পারে।’
আইন প্রয়োগের ওপর জোর দিয়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক বলেন, ‘বর্তমান আইনে যেটি আছে, সেটিও প্রয়োগ হচ্ছে না। আমি নিজেই তো দেখছি সেটি হচ্ছে না। আইন প্রয়োগ করবেন কারা? নিশ্চয়ই বাচ্চা ছেলেরা নয়, পুলিশ করবে। এ ব্যাপারে পুলিশ কেন ব্যর্থ হচ্ছে, সেটি তো আমার জানা নেই। তবে তাদের এগিয়ে আসতে হবে।’
শিক্ষার্থীদের চলমান কার্যক্রম নিয়ে এ বি এম খায়রুল হক বলেন, ‘নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চারা রাস্তায় নেমেছে, যদিও এটি একেবারেই তাদের দায়দায়িত্বের মধ্যে পড়ে না। কিন্তু তাদের সতীর্থ মারা যাওয়াতে তারা নামতে বাধ্য হয়েছে। সরকার এ ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন, নিচ্ছেন, আরও নেবেন বলে আশা করছি। মনে হয় বাচ্চারা যদি ঘরে ফিরে যায়, তাহলে আমরা যারা তাদের দাদা বা নানাস্থানীয়, তাঁরা একটু স্বস্তি বোধ করি। …নিবেদন হবে বাচ্চাদের প্রতি এখন বোধ হয় ঘরে ফিরে আসার সময় হয়েছে। বাচ্চারা যা করছে, বুঝিয়ে দিয়েছে, আমাদের দায়িত্বটা কি, কীভাবে দায়িত্ব পালন করা উচিত। আমরা বাচ্চা ছেলেদের কাছ থেকে না হয় শিখলাম, ক্ষতি কী? এখন আপাতত তোমরা বাড়ি ফিরে যাও, পড়াশোনা করো, এটি তোমাদের কাজ।’