সড়ক দুর্ঘটনা রোধে ২২ অক্টোবর গণ-অনশন
সড়ক দুর্ঘটনা রোধে ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে ২২ অক্টোবর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী গণ-অনশন কর্মসূচি পালন করবে নিরাপদ সড়ক চাই।সংগঠনের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে গণ-অনশনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।গত বুধবার রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন এই কর্মসূচি ঘোষণা দেন। তিনি বলেন, ২১ অক্টোবরের মধ্যে দাবি আদায় না হলে ২২ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রতীকী গণ-অনশন কর্মসূচি পালন করা হবে। এর পরও দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ইলিয়াস কাঞ্চন।এদিকে ১৪ দফা দাবির সমর্থনে গত বৃহস্পতিবার দেশের ৫০টি জেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দিয়েছে নিরাপদ সড়ক চাই। কেন্দ্রীয় কমিটি যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে স্মারকলিপি দেয়। গত ২৪ আগস্টেও একবার তাঁকে স্মারকলিপি দিয়েছিল সংগঠনটি।ইলিয়াস কাঞ্চন বলেন, ‘প্রতিদিন তাজা প্রাণ ঝরে যাচ্ছে, কিন্তু কোনো সরকারেরই ভ্রূক্ষেপ নেই। আমরা এত দিন কঠোর কোনো কর্মসূচি দিইনি। এখন আর পিছু হটার সুযোগ নেই।’সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন আরও বলেন, চালকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা না করে শ্রমিকনেতারা তাঁদের ব্যবহার করছেন। নেতারা চালকদের বোঝানোর চেষ্টা করছেন, শিক্ষিত লোকজন যানবাহন চালনায় এলে কিংবা মোটরযান আইনের পরিবর্তন হলে পুরোনো চালকদের চাকরি থাকবে না। এটা পুরোপুরি মিথ্যা। পুরোনো চালকদের প্রশিক্ষণ দিতে হবে এবং নতুন করে শিক্ষিত ও প্রশিক্ষিত চালকদের এই পেশায় আনতে হবে। নিরাপদ সড়ক চাই এ লক্ষ্যেই কাজ করছে।নিরাপদ সড়ক চাই-এর ১৪ দফা দাবির মধ্যে রয়েছে—প্রভাবশালী মহলের তদবিরে লাইসেন্স দেওয়া বন্ধ করা, মোটরযান আইনে দুর্ঘটনার জন্য কঠোর শাস্তির বিধান করা, পাঠ্যপুস্তকে সড়ক নিরাপত্তা সচেতনতা অন্তর্ভুক্ত করা, মহাসড়কে বিভাজন দেওয়া, জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলকে কার্যকর করা, ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে সরকারিভাবে ঘোষণা দেওয়া ইত্যাদি।