দেশের ছয়টি স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৭ ঘণ্টায় নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৯ জন। নিহত ব্যক্তিদের মধ্যে চারজন নারী। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রংপুর, কুষ্টিয়া, রাজশাহী, নেত্রকোনা, মাদারীপুর ও ফরিদপুরে দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া
কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন। তাঁর নাম আফরোজা খাতুন (৩০)। তিনি মেহেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ক্যাশ্যাবপাড়ার আজমাইল হোসেনের স্ত্রী।
আজ সকাল ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে আফরোজা তাঁর দেবর মফিদুল ইসলামের মোটরসাইকেলে মেহেরপুর থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন। মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের পেছন থেকে আফরোজা খাতুন হঠাৎ সড়কে পড়ে যান। এ সময় পেছনে থাকা একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মরদেহ ঘটনাস্থলেই রয়েছে। নিহত নারীর স্বামী অন্য মোটরসাইকেলে কুষ্টিয়া যাচ্ছিলেন। তাঁদের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, মোটরসাইকেল চালক অক্ষত আছেন। ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে গেছেন। পরে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
রাজশাহী
রাজশাহীর বাগমারায় আজ দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম মিস্টার হোসেন (২৮)। তিনি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে মিস্টার হোসেন কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে গণিপুর ইউনিয়নের তাহির একডালা গ্রামে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে তিনি ভবানীগঞ্জ-কেশরহাট সড়কের চিকাবাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বাগমারা থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নেত্রকোনা
নেত্রকোনার আটপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম মো. জালাল উদ্দিন (৬৫)। তাঁর বাড়ি আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামে।
আহত ব্যক্তিরা হলেন একই উপজেলার মঙ্গলসিদ্ধ গ্রামের ভুলন চন্দ্র দাস (৫০), ষাটকাহন গ্রামের নান্টু মিয়া (২০), পাহারপুর গ্রামের দীপক চন্দ্র সরকার (৪০) ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ বাজারের মলয় দে (৪২)। আজ সকাল পৌনে ১০টার দিকে নেত্রকোনা-মদন সড়কের অভয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, হবিগঞ্জ থেকে আসা একটি প্রাইভেট কার নেত্রকোনার আটপাড়া উপজেলার পাহারপুর গ্রামে যাচ্ছিল। আজ সকাল পৌনে ১০টার দিকে গাড়িটি নেত্রকোনা-মদন সড়কের অভয়পাশা বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় তিনজন পথচারীকে চাপা দিয়ে গাড়িটি রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে আটকে যায়। এ সময় ওই তিন পথচারী এবং প্রাইভেট কারের থাকা চালক ও এক যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে জালাল উদ্দিন নামের ওই পথচারী মারা যান। অন্যদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আটপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মাদারীপুর
মাদারীপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রূপা মণ্ডল (৩১) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাঁর স্বামী আনিস সরদার (৪০)। আজ বেলা একটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু হানিফ মিয়া জানান, বরিশাল থেকে ঢাকাগামী আলসানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নড়াইল থেকে শরীয়তপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী রূপা মণ্ডল নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের চালক আনিজ সরদারকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এসআই জানান, নিহত রূপা মণ্ডলের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাস নিয়ে চালক পালিয়ে গেছেন। এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি।
গোপালগঞ্জে
দুটি নছিমনের মুখোমুখি সংঘর্ষে কোকাকোলা কোম্পানির বিক্রয় প্রতিনিধিসহ দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার গান্ধীয়াশুরে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের একজন হলেন কোকাকোলা কোম্পানির বিক্রয় প্রতিনিধি মহিদুল মোল্লা (২৫)। তিনি নড়াইলের নড়াগাতী থানার নিধিপুর গ্রামের তপু মোল্লার ছেলে। অপরজন হলেন নছিমনচালক সাবুর কাজী (৩৪)। তাঁর বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার হারিদাসপুর ইউনিয়নের ভেড়ারহাট গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে কোকাকোলার পণ্য নিয়ে একটি নছিমন টেকেরহাট যাচ্ছিলেন। ওই সময় টেকেরহাটগামী গরুবোঝাই অপর একটি নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সাতজন আহত হন। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা। তিনি জানান, আহত ব্যক্তিদের মধ্যে গতকাল রাত আটটার দিকে দুজন গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।