সড়ক দুর্ঘটনা: দুই দম্পতি ও ছেলে-মেয়ে-মা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ও মাগুরার শ্রীপুরে গতকাল রোববার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই দম্পতি নিহত হয়েছেন। এ ছাড়া ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছেলে, মেয়ে ও মা এবং একই পরিবারের আরও দুজন আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বনডাঙ্গা গ্রামের ইউনুস আলী (৫০) স্ত্রী ফাতেমা বেগমকে (৪৫) নিয়ে মেয়ের বাড়ি হরিপুর উপজেলার জাদুরানী গ্রাম থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বেলা সাড়ে তিনটার দিকে রানীশংকৈল উপজেলার হরিপুর-রানীশংকৈল সড়কের বলিদ্বারা গ্রামের কাছে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ইউনুস মারা যান। গুরুতর অবস্থায় রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান তাঁর স্ত্রী ফাতেমা।রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় রানীশংকৈল থানায় একটি মামলা হয়েছে। চালক সামসুদ্দীনকেসহ বাসটি আটক করেছে পুলিশ।মাগুরার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সালেক জানান, মাগুরা সদর উপজেলার কুকনাপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মতিয়ার রহমান (৪৫) স্ত্রী ফরিদা পারভীন (৪০) ও শ্যালিকা রাশিদা খাতুনকে (৩০) নিয়ে গতকাল বিকেল চারটার দিকে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি শ্রীপুর উপজেলার হোগলডাঙ্গা থেকে মাগুরা ফিরছিলেন। হোগলডাঙ্গা গ্রামের সড়ক থেকে মোটরসাইকেলটি মাগুরা-শ্রীপুর সড়কে ওঠার সময় একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে ওই দম্পতি নিহত হন। গুরুতর আহত হন রাশিদা খাতুন। তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি কাজী সালেক আরও জানান, পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে থানায় কোনো মামলা হয়নি।এদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝিবাড়ী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক ছেলে ও মেয়েসহ মা নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই নারীর স্বামী ও দেবর।প্রত্যক্ষদর্শীরা জানান, মাঝিবাড়ী এলাকায় গতকাল বিকেল সাড়ে চারটার দিকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস একই দিক থেকে আসা গ্রামবাংলা পরিবহনকে (শ্যালো ইঞ্জিনচালিত) পেছন থেকে ধাক্কা দেয়। এতে ১০ জন যাত্রীসহ গ্রামবাংলা পরিবহনটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। যাত্রীদের মধ্যে মধুখালীর বাগাট উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা ময়মুন্নাহার বেগম (৩৫) ও তাঁর ছেলে রাফি ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন, ময়মুন্নাহারের স্বামী মাসুদ মোল্লা (৪৫), মেয়ে মৌমিতা (১৪) ও দেবর মিলন মোল্লা (৪০)। মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৌমিতা মারা যায়। মাসদু মোল্লা ও মিলন মোল্লাকে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত হওয়া ব্যক্তিদের বাড়ি বাগাট ইউনিয়নের বাগাট গ্রামে। তাঁরা কামারখালী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। মৌমিতা বাগাট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী এবং রাফি বাগাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক জানান, সোহাগ পরিবহনের বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে।[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন ফরিদপুর অফিস এবং ঠাকুরগাঁও ও মাগুরা প্রতিনিধি]