সড়ক দুর্ঘটনাকে জাতীয় দুর্যোগ ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনাকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে দুর্ঘটনায় দায়ীদের সর্বোচ্চ শাস্তি আমৃত্যু কারাদণ্ড দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে যত মানুষ মারা যায়, যুদ্ধকবলিত ইরাক-আফগানিস্তানেও এত মানুষ মারা যায় না। কিন্তু এ নিয়ে আমাদের রাজনীতিবিদদের মাথাব্যথা নেই।’

দুর্ঘটনার কারণ সম্পর্কে বাংলাদেশ অনলাইন অ্যাকটিভিস্ট ফোরামের (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী বলেন, মোটর শ্রমিক-চালকের অদক্ষতার কারণে দিন দিন অজস্র মানুষের জীবন ঝরে যাচ্ছে। অব্যবস্থাপনার হাত থেকে সড়ক খাতকে রক্ষা করতে না পারলে শিগগিরই মহাপ্রলয় ঘটবে।

সভাপতির বক্তব্যে মহিউদ্দীন আহমেদ বলেন, সড়ক দুর্ঘটনা রোধে অনেক গবেষণা, সভা-সেমিনার ও টক শো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। দুর্ঘটনায় মিশুক মুনীর ও তারেক মাসুদ নিহত হওয়ার ঘটনায় দায়ী চালকের বিরুদ্ধে আদালতের দেওয়া রায় কার্যকরের দাবি জানান তিনি। পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের মতো সড়ক দুর্ঘটনা রোধেও অনুরূপ কার্যক্রমের আহ্বান জানান।

এ সময় আয়োজক সংগঠনের মহাসচিব আইনজীবী আবু বক্কর সিদ্দিক, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।