সড়ক দুর্ঘটনার অপরাধের শাস্তি যাবজ্জীবন করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক মুহূর্তও চুপচাপ থাকতে পারত না অর্ণব। সারাক্ষণ ওর মুখে হাসি লেগে থাকত। সেই ছেলেটি আমাদের ছেড়ে চলে গেল। আমরা কিছুই করতে পারিনি।’ কথাগুলো কিছু দিন আগে সড়ক দুর্ঘটনায় নিহত সাইফ আহমেদ অর্ণবের খালা ও সাংসদ তারানা হালিমের।তারানা হালিমের মতো সাত-আটটি ভুক্তভোগী পরিবারের সদস্যরা সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রতিবাদ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল শুক্রবার বিকেলে জড়ো হয়েছিলেন জাতীয় প্রেসক্লাবের সামনে। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঐক্যবদ্ধ এ পরিবারগুলো ও সামাজিক সংগঠন জাগরণী নিহত ব্যক্তিদের স্বজনদের নিয়ে সেখানে মানববন্ধনের আয়োজন করে। এতে অর্ণব, হামিম, সাদিয়া, শিখাসহ সড়ক দুর্ঘটনায় নিহত সাত-আটটি পরিবারের শতাধিক সদস্য অংশ নেন। ুমানববন্ধনে নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা সড়ক দুর্ঘটনার সঙ্গে জড়িতদের ‘হত্যাকারী’ উল্লেখ করে তাদের কমপক্ষে যাবজ্জীবন শাস্তি এবং অপরাধকে জামিন অযোগ্য করার বিধান প্রবর্তনের দাবি জানান।তারানা হালিম বলেন, সড়ক দুর্ঘটনায় অনেক মায়ের কোল খালি হয়েছে। পরিবারের সদস্যরা দোষীদের বিরুদ্ধে আদালতে মামলাও করেন। কিন্তু মাত্র ছয় থেকে সাত হাজার টাকা জামানতের মাধ্যমেই দোষীরা জামিনে মুক্ত হয়ে যায়। মানুষের জীবনের মূল্য কি এতই কম? তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু রোধে কঠোর আইন প্রণয়ন করতে হবে। যোগাযোগ মন্ত্রণালয়ের কাছ থেকে সুনির্দিষ্ট সুপারিশ পেলে যাবজ্জীবন কারাদণ্ড ও জামিন অযোগ্য শাস্তির বিধান রেখে আইনের পরিবর্তন করা হতে পারে। আইনমন্ত্রী বিষয়টি দেখছেন বলেও জানান তিনি। দুর্ঘটনায় নিহত দুই মেয়ে শিখা ও সাদিয়ার বাবা অতিরিক্ত সচিব সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার দুই মেয়ে চোখের সামনে একসঙ্গে সড়ক দুর্ঘটনায় মারা গেল। সড়ক দুর্ঘটনার সঙ্গে জড়িতরা ‘হত্যাকারী’। অথচ তাদের বিচার হয় না। জামিন হয়ে যায়। এভাবে ওই দুর্ঘটনাটিও চাপা পড়ে যায়। অথচ সন্তান হারানোর যন্ত্রণা সারা জীবন বয়ে বেড়ান আমার মতো অভিভাবকেরা।’নিহত ব্যক্তিদের কয়েকজন স্বজন জানান, আগে দণ্ডবিধির ৩০৪(খ) ধারায় সড়ক দুর্ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির বিধান ছিল যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু ওই ধারাটি সংশোধন করে পরে সর্বোচ্চ শাস্তি তিন বছর করা হয়। ওই ধারাটি পুনঃপ্রবর্তনের দাবি জানান তাঁরা।