সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন উপজেলা চেয়ারম্যান সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য বরাদ্দ ছয় লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের লোকজন এ অভিযোগ করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দুর্ঘটনায় নিহত জিহাদের মামা মোস্তফা কামাল ফরাজী। ওই বক্তব্যে উল্লেখ করা হয়েছে, ৩১ জানুয়ারি লালমোহন উপজেলার গজারিয়া সবুজ সিনেমা হলের সামনে বাসের চাপায় মো. জিহাদ, সুমন ও মো. ফিরোজ নিহত হন। সমঝোতার শর্তে তখন মামলা করতে দেয়নি বাস মালিক সমিতি। সপ্তাহখানেকের মধ্যে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতিতে গজারিয়া বাজারে সমঝোতা বৈঠকে বাস মালিক সমিতি ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে ছয় লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিলে তাঁরা তা মেনে নেন। কিন্তু এখনো সমিতি তাঁদের কোনো টাকা দেয়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, সমিতি নিহত ব্যক্তিদের কথা বলে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নজরুল ইসলামকে একটি বাস পারমিট দিয়েছে। কিন্তু নজরুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ছয় লাখ টাকা দেওয়ার কথা থাকলেও তিনি তা দিচ্ছেন না। ভোলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক সফিকুল ইসলাম বলেন, ‘আমরা সাধারণত কাউকে এখনো কোনো বাস পারমিট দিইনি। কারণ একটি পারমিটের দাম ২১ লাখ টাকা। দুর্ঘটনায় নিহত ওই তিনজনের পরিবারের অসহায়ত্বের কথা ভেবে আমরা প্রস্তাব দিই, আমরা উপজেলা চেয়ারম্যানকে ১৫ লাখ টাকার বিনিময়ে একটি বাস পারমিট দেব। উপজেলা চেয়ারম্যান বাকি ছয় লাখ টাকা ওই পরিবারগুলোকে দিয়ে দেবে। উপজেলা চেয়ারম্যান এতে রাজি হন। এখন কেন তিনি ক্ষতিগ্রস্তদের টাকা দিচ্ছেন না, তা বলতে পারব না।’ উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘বাস মালিক সমিতি শুধু আমাকে পারমিট দেয়নি। আর আমার সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবারকে ছয় লাখ টাকা দেওয়ার কোনো চুক্তিও হয়নি।’