সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণের দাবিতে মহাসড়ক অবরোধ
বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দাবিতে গতকাল বুধবার মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। তাঁরা বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদীতে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন। এ সময় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে ক্ষতিপূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১১ জুলাই ইচলাদীতে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হন। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণের দাবিতে এলাকাবাসী গতকাল বিকেল সাড়ে চারটায় মহাসড়ক অবরোধ করেন। অবরোধকারীরা বাসচালকের ফাঁসির দাবি জানান।
ইচলাদী ব্যবসায়ী নেতাদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় কয়েক শ লোক অংশ নেন। পরে পুলিশ এসে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণের আশ্বাস দিলে পাঁচটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
উজিরপুর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন জানান, নিহত ১২ জনের অধিকাংশ পরিবারই হতদরিদ্র। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাঁরা মানবেতর জীবন যাপন করছেন। অন্যদিকে টাকার অভাবে আহত ব্যক্তিরা চিকিৎসা নিতে পারছেন না। দুর্ঘটনার পর পাঁচ দিন অতিবাহিত হলেও বাসচালককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলেও ২৪ ঘণ্টার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে অবরোধের পর হানিফ পরিবহনের বরিশাল অঞ্চলের ব্যবস্থাপক রানা তালুকদার ইচলাদী এলে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়েন। এ সময় পুলিশ ও সাংবাদিকদের কাছে তিনি বলেন, বরিশাল অঞ্চলে এত বড় দুর্ঘটনা আর হয়নি। দুর্ঘটনার জন্য তাঁরা ব্যথিত ও মর্মাহত। এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ব্যাপারে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ক্ষতিপূরণ না দেওয়ায় এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন। হানিফ পরিবহনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে।