সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক, শিশু ও দপ্তরি নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার নন্দনপুর এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে সড়ক দুর্ঘটনায় এক অ্যাম্বুলেন্সচালক নিহত হয়েছেন। গত শুক্রবার জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক শিশু ও কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসের চাপায় বিদ্যালয়ের দপ্তরি নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কৈয়া গ্রামের বাসিন্দা ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশুকল্যাণ কেন্দ্রের অ্যাম্বুলেন্সচালক গোলাম সারোয়ার (৪০), শেরপুরের ঝিনাইগাতীর ফুলকুরিয়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে আসিফ হোসেন (৯) ও বিদ্যালয়ের দপ্তরি পাকুন্দিয়া পৌর এলাকার লক্ষিয়া গ্রামের খোকন মিয়া (৪৫)।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
ব্রাহ্মণবাড়িয়া: পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা দুইটার দিকে গোলাম সারোয়ার মা ও শিশুকল্যাণ কেন্দ্রের অ্যাম্বুলেন্সে করে শহরের হেলথ কেয়ার হাসপাতাল নামের বেসরকারি একটি হাসপাতাল থেকে রোগী নিয়ে ঢাকার একটি হাসপাতালে যান। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা রোগীর স্বজন রয়েল হাসপাতালের নার্স শিরিন আক্তার (৩২) ও তাঁর ছোট বোন হেলথ কেয়ার হাসপাতালের নার্স লাইলা হক (২৫) ঢাকায় যান। পরে ঢাকা থেকে ফেরার পথে রাত একটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশের একটি গাছে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সচালক গোলাম সারোয়ার মারা যান। এ সময় অ্যাম্বুলেন্সের দুই আরোহী আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সরিষাবাড়ী (জামালপুর): পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের বাশুরিয়া এলাকায় কাঠভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কের পাশে ডোবায় পড়ে যায়। এ সময় ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। পরে এলাকাবাসী এগিয়ে এসে ট্রাকে থাকা কাঠ ব্যবসায়ী গুরুতর আহত আইয়ুব আলী (৪৫) ও সুরুজ্জামানকে(৪৬) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁরা ট্রাকের অপর আরোহী শিশু আসিফ হোসেনকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে সরিষাবাড়ী উপজেলা ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত একটার দিকে ঘটনাস্থলে গিয়ে ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে গতকাল সকাল ছয়টায় ট্রাকের দরজা ভেঙে আসিফের লাশ উদ্ধার করে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের কাছে হস্তান্তর করে। গতকাল দুপুরে পুলিশ তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
কিশোরগঞ্জ: স্থানীয় লোকজন জানান, গত শুক্রবার রাত আটটার দিকে লক্ষিয়া উচ্চবিদ্যালয়ের দপ্তরি খোকন মিয়া বাইসাইকেল চালিয়ে পাকুন্দিয়া পৌর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি বাস খোকন মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পাকুন্দিয়া থানার ওসি হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।