আ.লীগ নেতা নিহত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাদারসী এলাকায় শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মাসুদ মিয়া (৪২) নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। নিহত মাসুদ মিয়া মঠবাড়িয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মৃত আবদুল মান্নান মিয়ার ছেলে। তিনি উপজেলার মিরুখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে মাসুদ মিয়া মাহেন্দ্র গাড়িযোগে (স্থানীয় পরিবহন) বাড়ি থেকে ভান্ডারিয়া যাচ্ছিলেন। বেলা দুইটার দিকে চরখালী-মঠবাড়িয়া সড়কের ভান্ডারিয়ার মাদারসী এলাকায় আকস্মিকভাবে ব্রেক করলে মাসুদ মিয়া মাহেন্দ্র থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, মাসুদ মিয়াকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।