সড়ক দুর্ঘটনায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ী নামের স্থানে বাসচাপায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল কাদের (৩০) ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুদল করিম (২৫)।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন সূত্রে জানা গেছে, গতকাল বেলা সোয়া দুইটার দিকে ওই দুই নেতা মোটরসাইকেল নিয়ে রেলক্রসিং-সংলগ্ন ওই মহাসড়ক অতিক্রম করছিলেন। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলসহ তাঁদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যাওয়াসহ বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আবদুল কাদের নিহত ও আবদুল করিম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন করিমকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে তিনিও মারা যান। আবদুল করিমই মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে। লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।