সড়ক দুর্ঘটনায় আ.লীগের দুই নেতাসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের সিংড়া উপজেলায় গত শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের দুই নেতা নিহত হয়েছেন। এ ছাড়া গতকাল শনিবার সিংড়ায় সেতুর রেলিং ভেঙে ট্রাক খাদে পড়ে দুজন আহত হয়েছেন। এদিকে বগুড়ার কাহালু উপজেলায় গতকাল এক পল্লিচিকিৎসক নিহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন সিংড়ার চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন ওরফে বকুল (৪০)। তিনি চামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও চামারী গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে। একই ইউনিয়নের বিলদহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মধু মিয়া (৩৫)। তিনি বিলদহর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। অপরজন হলেন বগুড়ার শিবগঞ্জের মুরাদপুর গ্রামের পল্লিচিকিৎসক মোজাফ্ফর হোসেন (৫৫)।

সিংড়া থানা-পুলিশ সূত্রে জানা যায়, সাখাওয়াত তাঁর সহযোগী মধুকে নিয়ে শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি নন্দিগ্রামে যাচ্ছিলেন। চৌগ্রাম জোড়াসেতু এলাকায় তাঁরা একটি ট্রাককে অতিক্রমের সময় ট্রাকটি পেছন থেকে তাঁদের ধাক্কা দেয়। মুহূর্তেই তাঁরা ট্রাকের নিচে পড়ে পিষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্থানীয় সাংসদ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকসহ নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে যান।

সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে সিংড়ার বালুয়া বাসুয়া এলাকায় গতকাল ভোর সাড়ে পাঁচটায় সেতুর রেলিং ভেঙে একটি মালবাহী ট্রাক খাদে পড়ে ট্রাকচালক আল আমিন (৩০) ও তাঁর সহকারী সঞ্জয় কুমার (২৫) গুরুতর আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের বাড়ি সাতক্ষীরার সুলতানপুর গ্রামে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও কাহালু থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পল্লিচিকিৎসক মোজাফ্ফর গতকাল সকালে তাঁর মেয়ের জামাই কাহালুর পাল্লাপাড়ার শহীদুল ইসলামের নতুন বাড়ির নির্মাণকাজ উদ্বোধনের জন্য আসেন। উদ্বোধন শেষে তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পেছন থেকে মাটিবোঝাই একটি মিনি ট্রাক তাঁকে সজোরে ধাক্কা দেয়। এ সময় রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় এলাকার বিক্ষুব্ধ লোকজন ট্রাকে আগুন লাগিয়ে দেন ও ট্রাকচালক ফারুক হোসেনকে (২৮) আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকচালককে লোকজনের কাছ থেকে উদ্ধার করে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ট্রাকটির আগুন নেভাতে সক্ষম হয়েছেন।