সড়ক দুর্ঘটনায় আটজন নিহত
মুন্সিগঞ্জের সিরাজদিখান ও গজারিয়া, গাজীপুর ও মানিকগঞ্জ সদর উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। সিরাজদিখান থানার পুলিশ জানায়, উপজেলার চালতিপাড়া এলাকার ঢাকা-মাওয়া মহাসড়কে গতকাল সন্ধ্যায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাস এক টেম্পোকে চাপা দেয়। এতে টেম্পোর তিন যাত্রী মারা যান। এ সময় বাসটিও রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনায় বাস ও টেম্পোর কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, নিহত ব্যক্তিদের একজনের নাম কাউসার আহমেদ (৩৫)। অন্যজনের নাম বাশের ব্যাপারী (৬০)। এর আগে সকালে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে গাড়ির চালক আবুল কালাম (৩০) নিহত হন। আহত হন একজন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল ১০টার দিকে ময়মনসিংহ থেকে ক্রাউন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী রুহুল আমিন (২৬) মারা যান। আহত হন কমপক্ষে ১৫ জন যাত্রী। পরে হাসপাতালে নেওয়ার পথে রাজু মিয়া (২৪) ও লিটন মিয়া (২২) নামের দুই তরুণের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের গাজীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে বাস ও কাভার্ড ভ্যান সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, বাস ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। তবে চালকেরা পলাতক রয়েছেন। বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রামে ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় নিহত হন আবদুর রাজ্জাক (৪০) নামের এক ব্যক্তি। তিনি ভাটবাউর গ্রামের ছইমুদ্দিন মিয়ার ছেলে। সদর থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস রাজ্জাককে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন রাজ্জাককে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।