সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যসহ দুজন নিহত
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় গতকাল সোমবার বাসচাপায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার এক যাত্রী প্রাণ হারিয়েছেন।
ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার মুশুরিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত আনসার সদস্যের নাম হায়াত আলী (৫৫)। তিনি উপজেলার শিবালয় ইউনিয়ন আনসার ও ভিডিপির দলনেতা ছিলেন। তাঁর বাড়ি উপজেলার মাধবদিয়া গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে হায়াত আলী মুশুরিয়া এলাকায় সড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি বাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বাসটি ফেলে চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।
বরঙ্গাইল হাইওয়ে পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সার্জেন্ট ইয়ামিন উদ-দৌলা বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-চান্দুরা সড়কের আজমপুর এলাকায় গতকাল দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী সিরাজুল ইসলাম, দুলাল মিয়া, আবুল কালাম ও রিপন মিয়া আহত হন। তাঁদের উদ্ধার করে আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলামকে (৪৫) মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামে। আহত ব্যক্তিদের মধ্যে দুলাল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আখাউড়া থানার ওসি মোশাররফ হোসেন বলেন, স্বজনেরা লাশ নিয়ে গেছেন।