সড়ক দুর্ঘটনায় আনসারসহ দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর ও যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুজন মারা গেছেন। তাঁরা হলেন আনসার সদস্য আল-আমিন (২৮) ও সাইনবোর্ড লেখক মোহাম্মদ হোসেন (২৫)।
আল-আমিনের মৃত্যু সম্পর্কে তাঁর সহকর্মী আলমগীর হোসেন বলেন, ঢাকা সেনানিবাসের ভেতরে একটা আনসার ক্যাম্পে তাঁরা দায়িত্ব পালন করেন। বুধবার রাতে আল-আমিন সেনানিবাসের বিইউপি গেটে দায়িত্ব পালন করছিলেন। রাত দেড়টার দিকে সেনানিবাসের ভেতর ইট রেখে আসা একটি ট্রাক আল-আমিনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ভোরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পল্লবী থানা-পুলিশ জানিয়েছে, আল-আমিনের আইডি নম্বর ৪৮০০৫৩৮৮৬, তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায়। এ ঘটনায় জড়িত ট্রাকটি (পাবনা ট-১১-০৫৪৮) আটক করা হয়েছে।
এ ছাড়া গতকাল সকালে যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেটের সামনে বাসের চাপায় গুরুতর আহত হন মোহাম্মদ হোসেন। পরে দুপুরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকাল নয়টার দিকে মোটরসাইকেল চালিয়ে সাদ্দাম মার্কেটের সামনে দিয়ে যাচ্ছিলেন মোহাম্মদ হোসেন। হঠাৎ তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি বাস তাঁকে
চাপা দিয়ে চলে যায়। এতে হোসেনের দুই পা থেঁতলে যায়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে যাত্রাবাড়ীর একটি হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হোসেনের বড় ভাই মনির হোসেন বলেন, অবস্থার অবনতি হলে তাঁকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হোসেনের বাড়ি মুন্সিগঞ্জ। আট ভাইবোনের মধ্যে হোসেন সবার ছোট। তাঁর স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা।
যাত্রাবাড়ী থানা-পুলিশ ঘটনা নিশ্চিত করে বলে, এ ঘটনায় বাসটি আটক করা যায়নি।