সড়ক দুর্ঘটনায় আমিরাতে তিন বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত ও অপর দুজন আহত হয়েছেন। গত বুধবার বাংলাদেশি শ্রমিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের স্থাপনায় ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। খবর ইউএনবির।
নিহতেরা হলেন মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ ইলিয়াস ও আখতার হোসেন। সবার বাড়ি চট্টগ্রামে। প্রথম দুজন রাউজান এবং পরের জন হাটহাজারীর বাসিন্দা।
দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন আবুধাবিতে বাংলাদেশি দূতাবাসের কাউন্সেলর (শ্রম) আরমানুল্লাহ চৌধুরী। তিনি জানান, বাংলাদেশি শ্রমিকদের বহনকারী বাসটি বুধবার স্থানীয় সময় সাতটার দিকে আবুধাবির আল খাজনা এলাকায় দুর্ঘটনায় পড়ে। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের একটি স্থাপনায় গিয়ে ধাক্কা খায়। এতে দুজন ঘটনাস্থলেই নিহত হন। অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত দুই বাংলাদেশির নাম বেলাল ও সাইফুল বলে জানিয়েছে দূতাবাস। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে জানিয়ে দূতাবাসের কর্মকর্তারা জানান, প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সেরে লাশগুলো দেশে পাঠানো হবে।