সড়ক দুর্ঘটনায় আশুলিয়া ও শ্রীনগরে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কে ঢাকার আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে গতকাল বৃহস্পতিবার একটি মিনিবাসের ধাক্কায় অন্য একটি মিনিবাস উল্টে নারীসহ দুজন নিহত হয়েছেন। একই দিন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কের ওমপাড়ায় বাসচাপায় এক নারী নিহত হন।
আশুলিয়ায় নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের একজন দুর্ঘটনাকবলিত বাসেরই যাত্রী বলে নিশ্চিত হওয়া গেছে। অন্যজনের বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। শ্রীনগরে নিহত নারীর নাম ফরিদা বেগম (৫০)। তাঁর বাড়ি শ্রীনগরের ষোলঘর ইউনিয়নের সমসাবাদ এলাকায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী মামুনুর রশীদ বলেন, আবদুল্লাহপুর থেকে আসা একটি বাসের চালক নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন যাত্রী নিয়ে হঠাৎ বাসটি ঘোরানোর চেষ্টা করেন। এ সময় একই দিক থেকে আসা অন্য একটি বাস পেছন থেকে ওই বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সামনের বাসটি সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। এতে একজন নারী যাত্রীসহ দুজন ঘটনাস্থলেই মারা যান।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু হেনা মোহাম্মদ মোস্তফা বলেন, দুর্ঘটনার পর সোহেল রানা নামের বাসের এক চালককে আটক করা হয়েছে। তাঁর কাছে কোনো লাইসেন্স পাওয়া যায়নি। বাস দুটির কোনোটিরই প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান বলেন, ফরিদা বেগম রাস্তা পার হওয়ার সময় গুনগুন পরিবহনের একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।