সড়ক দুর্ঘটনায় আহত ইউপি চেয়ারম্যানের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট দিন লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও নগরকান্দা-সালথা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক কুদ্দুস মোল্লা (৫৮)। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ৮ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে উপজেলার গোট্টি এলাকা থেকে সোনাপুর যাওয়ার পথে রাস্তার পাশে গাছের সঙ্গে তাঁকে বহনকারী মোটরসাইকেলের ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। তাঁকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার ওই হাসপাতালে স্থানান্তর করা হয়। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তুহিনুর আলম জানান, কুদ্দুস মোল্লার শেষ ইচ্ছানুযায়ী আজ মঙ্গলবার সকাল ১০টায় জানাজা শেষে তাঁকে সোনাপুর ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে দাফন করা হবে।