সড়ক দুর্ঘটনায় আহত ইলিয়াস কাঞ্চন
রাজধানীর ফার্মগেট এলাকায় গত শুক্রবার রাতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এ ঘটনায় তিনি বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেছেন। ইলিয়াস কাঞ্চন প্রথম আলোকে বলেন, গত শুক্রবার রাত ১১টার দিকে কাজ সেরে গ্রিন রোড থেকে নিজ গাড়িতে উত্তরার বাসার দিকে যাচ্ছিলেন তিনি। ফার্মগেটের আনোয়ারা পার্কের সামনে ট্রাফিক সিগন্যাল পড়ায় তিনি গাড়ি থামান। এ সময় পেছন দিক থেকে একটি ট্রাক তাঁর গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিঠে আঘাত পেয়ে আহত হন তিনি। ইলিয়াস কাঞ্চন আরও জানান, ওই দূর্ঘটনায় তাঁর গাড়িটির পেছনের অংশও ক্ষতিগ্রস্ত হয়। পরে খবর দেওয়া হলে পুলিশ ট্রাকসহ চালক মজনুকে আটক করে থানায় নিয়ে যায়। গতকাল শনিবার মজনুকে আদালতে পাঠানো হয়। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করে। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ইলিয়াস কাঞ্চন প্রথম আলোকে বলেন, ওই চালকের কোনো ড্রাইভিং লাইসেন্স নেই। হত্যাচেষ্টার অভিযোগ এনে তিনি ট্রাকের মালিক, চালকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় বিশ্রামে আছেন।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান মামলার সত্যতা নিশ্চিত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।প্রসঙ্গত, ১৯৯৩ সালের ২২ অক্টোবর সড়ক দুর্ঘটনায় নিহত হন ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন। তার পর থেকে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছেন এ অভিনেতা।