সড়ক দুর্ঘটনায় আহত কর্মকর্তার মৃত্যু
কিশোরগঞ্জ শহরের সতাল এলাকায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এটিও) মারা গেছেন। গত মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ব্যক্তির নাম লুৎফুর রহমান মোহাম্মদ ফয়সাল (৩৬)। তিনি তাড়াইল উপজেলার ধলা এলাকার বাসিন্দা এবং করিমগঞ্জ উপজেলার এটিও ছিলেন।
গতকাল বুধবার করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে লুৎফুর রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
করিমগঞ্জের ইউএনও আছমা আরা বেগম বলেন, মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ শহরের বাসা থেকে করিমগঞ্জে অফিসে আসছিলেন লুৎফুর। জেলা সদরের সতাল এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় তিনি আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী গতকাল বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।