সড়ক দুর্ঘটনায় আহত জগন্নাথের শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার থেকে ঢাকা আসার পথে গত ২৪ নভেম্বর চলন্ত বাস থেকে পড়ে যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাশুক খান। টানা ১১ দিন চিকিৎসা করানো হয় তাঁর। এতে কিছুটা সুস্থ হয়েও ওঠেন। কিন্তু গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। গতকাল শুক্রবার ভোর ছয়টার দিকে মারা যান ২২ বছরের এই যুবক।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী ছিলেন মাশুক খান। তাঁর সহপাঠীরা জানান, প্রতিদিন সাভার থেকে বাসে করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাসে আসতেন মাশুক। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব দোতলা বাস ‘বংশী’তে করে ঘটনার দিন তিনি ঢাকায় আসছিলেন। দাঁড়িয়ে ছিলেন বাসের প্রবেশমুখে। চলন্ত বাস থেকে হঠাৎ পা ফসকে রাস্তায় পড়ে যান। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাঁকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, এনাম মেডিকেলে চিকিৎসার পর মাশুক ভালো হয়েছিল। পরে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। কিন্তু বাসায় ফিরে কয়েক দিন পর আবারও তার অবস্থার অবনতি হয়। এরপর মাশুককে এনাম মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়। সেখানেও মাশুক ভালোই ছিল। গত বৃহস্পতিবার রাতে খাবার খেয়েছিল সে। তবে খাওয়ার পর হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়। গতকাল ভোর ছয়টার দিকে হাসপাতালে মারা যায়। পরে মাশুকের লাশ তার গ্রামের বাড়ি মাগুরায় পাঠানো হয়।
প্রক্টর নূর মোহাম্মদ বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি করবে।