সড়ক দুর্ঘটনায় আহত মানিকগঞ্জ সদর থানার ওসির মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আহত মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের মারা গেছেন। দুর্ঘটনায় আহত হওয়ার ১০ দিন পর গতকাল শুক্রবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তাঁর মৃত্যু হয়।পুলিশ কর্মকর্তা আবু তাহের টাঙ্গাইলের সখীপুর উপজেলার শানবান্ধা গ্রামের মৃত আবদুল হামিদের ছোট ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।মানিকগঞ্জ সদর থানা সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট ভোর সাড়ে চারটার দিকে ওসি আবু তাহের থানা থেকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা হন। থানার অদূরে খালপাড় সেতুর কাছে পৌঁছে তিনি একটি খালি মাইক্রোবাস থামিয়ে তাতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় শহর থেকে বাসস্ট্যান্ডগামী একটি ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) আবু তাহেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আবু তাহের মাথায় প্রচণ্ড আঘাত পান।খবর পেয়ে আবু তাহেরের সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই যানের চালক আক্তার হোসেনকে (২৮) গ্রেপ্তার করেন এবং আহত আবু তাহেরকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তা ৎ ক্ষণিকভাবে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে ওই দিনই তাঁকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।মানিকগঞ্জ পুলিশ সুপারের (এসপি) কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের ১ আগস্ট আবু তাহের উপপরিদর্শক (এসআই) পদে পুলিশ বিভাগে যোগদান করেন। গত ১৯ মে তিনি মানিকগঞ্জ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পান। এর আগেও তিনি ওই থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।মানিকগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জসিম উদ্দিন আবু তাহেরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে লাশটি রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজা শেষে লাশটি মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হবে।