সড়ক দুর্ঘটনায় আহত যুগ্ম সচিবের শারীরিক অবস্থার অবনতি
সড়ক দুর্ঘটনায় আহত খাদ্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) এ কে এম মাহবুবুল আলমের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। আইসিইউর প্রধান চিকিৎসক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, প্রতিদিনই মাহবুবুল আলমের অবস্থার অবনতি হচ্ছে। তাঁর অবস্থা সংকটজনক।মাহবুবুল আলমের ভাই মনিরুল ইসলাম বলেন, তাঁরা দেশের বাইরে নিয়ে মাহবুবুল আলমের চিকিৎসা করাতে চান। কিন্তু তাঁদের আর্থিক সামর্থ্য নেই। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন তাঁরা।আইসিইউর প্রধান আরও বলেন, মাহবুবুল আলমের শরীরে ওষুধ দেওয়া হলেও অবস্থার উন্নতি হচ্ছে না। গতকাল শনিবার মেডিকেল বোর্ডের বৈঠকে তাঁকে নতুন ওষুধ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, মাহবুবুল আলমের শরীরের ক্ষতস্থানে যে সংক্রমণের সৃষ্টি হয়েছে, তা রক্তে ছড়িয়ে পড়েছে।গত ২২ সেপ্টেম্বর দুপুরে শাহবাগ এলাকায় বারডেম হাসপাতাল-সংলগ্ন সড়ক পার হওয়ার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হন মাহবুবুল আলম। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়।