সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
নওগাঁর নিয়ামতপুরে গত রোববার ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত এক যুবক গতকাল সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম রুবেল হোসেন (২৫)।
নিহত রুবেল মান্দা উপজেলার পরানপুর ইউনিয়নের বালুবাজার গ্রামের খাইরুদ্দিনের ছেলে। তিনি গ্রামীণফোন কোম্পানির সেলস এক্সিকিউটিভ পদে কর্মরত ছিলেন।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গত রোববার সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ামতপুর-মান্দা সড়কের ভাবিচা মোড়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক রুবেল গুরুতর আহত হন। তাঁকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে রুবেলের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।