সড়ক দুর্ঘটনায় আহত জলের গানের রাহুল
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা রাহুল আনন্দ। আজ বিকেলে রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে এ শিল্পী দুর্ঘটনার কবলে পড়েন। গানের দল জলের গানের এই সদস্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
দুর্ঘটনার পরপরই রাহুলকে প্রথমে নেওয়া হয় রাজধানীর পঙ্গু হাসপাতালে। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে। তাঁর স্ত্রী ঊর্মিলা শুক্লার সঙ্গে কথা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘কুঁচকিতে আঘাত পেয়েছে সে। রাহুলের অস্ত্রোপচার চলছে এখন। এখানে আমাদের সঙ্গে আরও পরিচিতজনেরাও আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন অস্ত্রোপচার শেষে তাঁর শারীরিক অবস্থার বিস্তারিত জানাবেন।’
জলের গানের আরেক সদস্য কনক আদিত্য বলেন, রাহুল মোটরবাইকে ছিলেন। এ সময় একটি পিকআপ ভ্যান পাশ ঘেঁষে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকটি পড়ে যায়। মোটরবাইকের আরেক আরোহী ফারুক তেমন আঘাত পাননি। তবে রাহুলের ওপর মোটরবাইকটি পড়ায় আহত হন এ শিল্পী।