সড়ক দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৪

নাটোরে ইউএনওর গাড়ির সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ইউএনওসহ চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা একটার দিকে সদর উপজেলায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার পারভেজ, তাঁর গাড়িচালক নাসির হোসেন, নৈশ প্রহরী আবদুল মালেক ও অটোরিকশার চালক ওলিলুর রহমান। তাঁদের মধ্যে ওলিলুরের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, আনোয়ার পারভেজ নিজ এলাকা থেকে সরকারি গাড়িতে করে নাটোর-পাবনা মহাসড়ক হয়ে জেলা সদরে যাচ্ছিলেন। সদর উপজেলার হয়বতপুর এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর জিপের সংঘর্ষ হয়। জিপটি সড়কের পাশের খাদে উল্টে পড়ে। পথচারীরা আহত লোকজনকে উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ি উদ্ধারকাজে যোগ দেন।
মোজাম্মেল হক বলেন, আহত লোকজনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অটোচালকের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জেলা প্রশাসক শাহিনা খাতুনও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।