সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শান্তিনগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুটের ইউপি চেয়ারম্যান এস এম বাকি বিল্লাহ (৩৫) ও তাঁর বন্ধু রনি মিয়া (৩২)। তাঁরা মোটরসাইকেলের আরোহী ছিলেন।

বাকি বিল্লাহ নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, বাকি বিল্লাহ ও তাঁর বন্ধু রনি মোটরসাইকেলে করে ঢাকা থেকে জেলা সদরে আসছিলেন। রাত সাড়ে ১০টার দিকে সরাইলে একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে বাকি বিল্লাহ ও রনি গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানা-পুলিশ। জেলা সদর হাসপাতালে নেওয়ার পর রনি মারা যান। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সোয়া ১১টার দিকে বাকি বিল্লাহ মারা যান।

সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলকে চাপা দিয়ে ট্রাক নিয়ে চালক পালিয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে।