সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য ও শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কে ট্রাকচাপায় সাদিকুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। এদিকে সিরাজগঞ্জের কাজীপুরে বাসচাপায় প্রাণ হারিয়েছেন এক শিক্ষক। তাঁর নাম মোখলেসুর রহমান (৩৫)। গতকাল সোমবার এ দুটি দুর্ঘটনা ঘটে।

গোমস্তাপুর থানার ওসি খন্দকার গোলাম মোর্তুজা বলেন, সাইকেল নিয়ে সাদিকুল ইসলাম ধুলাউড়ি এলাকায় গ্রামীণ সড়ক থেকে রহনপুর-পার্বতীপুর আড্ডা আঞ্চলিক সড়কে ওঠার সময় গতকাল সকাল নয়টার দিকে একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ ট্রাকটি আটক করতে পরলেও এর চালক ও সহকারী পালিয়ে যেতে সক্ষম হন। সাদিকুল রহনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য এবং ভাগলপুর গ্রামের দানেশ আলীর ছেলে।

এদিকেসিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক সড়কের সীমান্ত বাজার এলাকায় সকাল ১০টার দিকে বিআরটিসির একটি বাসের চাপায় স্কুলশিক্ষক মোখলেসুর রহমানপ্রাণ হারান। তিনি কাজীপুর উপজেলার গান্ধাইল খামারপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে ও বাংলাবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

কাজীপুর থানার ওসি সমিক কুমার কুণ্ডু বলেন, ওই সড়ক দিয়ে মোখলেসুর মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাওয়ার পথে আকস্মিকভাবে স্লিপ কেটে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা যাত্রীবাহী বাসটি তাঁকে চাপা দিয়ে চলে যায়।