সড়ক দুর্ঘটনায় উল্লাপাড়ায় নিহত ৩
নগরবাড়ী-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হিউম্যান হলার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং দুজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মহাসড়কের জংলীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী গ্রামের বালু ব্যবসায়ী আবদুল মালেক জোয়ার্দার (৫০), তাঁর ব্যবস্থাপক একই এলাকার চয়ড়া গ্রামের লিটন হোসেন (৩৫) ও গঙ্গাপ্রসাদ গ্রামের অটোরিকশাচালক সাইফুল ইসলাম (৩০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার সকালে সিএনজিচালিত একটি অটোরিকশা চালকসহ পাঁচজন যাত্রী নিয়ে শাহজাদপুর থেকে হাটিকুমরুল গোলচত্বরের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি উল্লাপাড়ার জংলীপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যান হলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মালেক জোয়ার্দার প্রাণ হারান। অটোরিকশাচালক সাইফুল, আবদুল মতিন শেখ ও লিটন হোসেনসহ চারজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে লিটন হোসেন মারা যান। অন্য তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে সাইফুল ইসলাম মারা যান।
উল্লাপাড়া থানার ওসি) তাজুল হুদা জানান, হিউম্যান হলারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় উল্লাপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হয়েছে।