সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ চারজন নিহত
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গতকাল বৃহস্পতিবার ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছে। একই দিন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এইচএসসির এক পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গত বুধবার সড়ক দুর্ঘটনায় প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিসহ দুই সাংবাদিক আহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গজারিয়া (মুন্সিগঞ্জ): ফরিদপুরের আটরশি দরবার শরিফ থেকে একটি যাত্রীবাহী বাস কুমিল্লায় যাওয়ার পথে গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় পৌঁছলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকের সহকারী আকবর হোসেন (৪৮) ও যাত্রী জিয়াসমিন ও আশরাফুল ইসলাম নিহত হন। এ ছাড়া ৩৫ যাত্রী আহত হন। আহত যাত্রীদের প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ১৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. জয়নাল আবেদীন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি পুলিশের হেফাজতে রয়েছে।ব্রাহ্মণপাড়া (কুমিল্লা): উপজেলার কুটি মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজের এইচএসসির চার পরীক্ষার্থী গতকাল পরীক্ষা দেওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় করে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। অটোরিকশাটি মকিমপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস এটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার আরোহী ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থী ফাতেমা আক্তার (১৮) নিহত হন। এ ছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগের রোকসানা আক্তার, খাদিজা আক্তার ও বিজ্ঞান বিভাগের আঁখি আক্তার আহত হয়। প্রাথমিক চিকিৎসার পর ওই তিন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে রোকসানা ও খাদিজার বাঁ হাত ভেঙে গেছে। এদের সবার বাড়ি দেবীদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামে। নিহত ফাতেমার বাবার নাম আবুল কাসেম। ব্রাহ্মণপাড়ার মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, ফাতেমার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): নাসিরসগর উপজেলা থেকে মোটরসাইকেলে করে জেলা সদরে ফেরার পথে বুধবার বিকেলে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের কুণ্ডা সেতুর কাছে সড়ক দুর্ঘটনার শিকার হন প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদত হোসেন ও দেশ টিভির জেলা প্রতিনিধি মাসুক হূদয়। একটি পণ্যবাহী ট্রাককে অতিক্রম করতে গিয়ে তাঁরা এ দুর্ঘটনার শিকার হন। পরে ওই দুই সাংবাদিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুজনেরই বাঁ পায়ের হাড় ভেঙে গেছে।