সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়ায় গতকাল রোববার পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক এইচএসসি পরীক্ষার্থী প্রাণ হারিয়েছেন। তাঁর নাম রাজিয়া সুলতানা (১৮)। এ ছাড়া নাটোর ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও দুজন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
রংপুর: গতকাল সকাল সাড়ে নয়টার দিকে কাউনিয়ার মীরবাগ বাজারের বিজলীর ঘণ্টি এলাকায় এইচএসসি পরীক্ষার্থী রাজিয়া দুর্ঘটনার শিকার হন। তিনি এবার মীরবাগ ডিগ্রি কলেজ থেকে পরীক্ষা দিচ্ছিলেন। তিনি উপজেলার মীরবাগ এলাকার রুহুল আমিনের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আরও পাঁচ পরীক্ষার্থীর সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে রাজিয়া রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়ক দিয়ে হারাগাছের পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় অ্যাম্বুলেন্সের ধাক্কায় আহত হন অটোরিকশায় থাকা পাঁচ শিক্ষার্থী। তাঁদের কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী আঞ্চলিক মহাসড়কের মীরবাগ এলাকা অবরোধ করলে সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে অবরোধকারীদের সরিয়ে দেয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চালক অ্যাম্বুলেন্সটি নিয়ে পালিয়ে যান।
নাটোর: নলডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) ওয়াজেদ আলী বলেন, গতকাল সকালে উপজেলার পাটুল বাজার থেকে মোটরসাইকেলে করে রিপন হোসেন ও পলক নামের দুই তরুণ খোলাবাড়িয়া যাচ্ছিলেন। এ সময় পাটুল-খোলাবাড়িয়া আঞ্চলিক সড়কের খোলাবাড়িয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষে ঘটনাস্থলেই রিপন নিহত হন। তিনি খোলাবাড়িয়া গ্রামের ময়েন উদ্দিনের ছেলে। পুলিশ রিপনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহত পলক স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন।
বগুড়া: বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় দ্রুতগামী গাড়ির চাপায় আবুল হোসেন মণ্ডল (৭০) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। গতকাল ভোররাতে উপজেলার রহিমাবাদ বি-ব্লক গ্রামের বাসিন্দা আবুল হোসেন ফজরের নামাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিলেন। শাজাহানপুর থানার ওসি আবদুল মান্নানের ভাষ্যমতে, মসজিদ এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় গাড়িচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।