সড়ক দুর্ঘটনায় এএসআই শিক্ষকসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের এক কর্মকর্তাসহ দুজন এবং বগুড়ার শাজাহানপুরে এক স্কুলশিক্ষক প্রাণ হারিয়েছেন। গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জে প্রাণ হারিয়েছেন নুরুল ইসলাম (৩০) ও মতিয়ার রহমান (৫০) এবং বগুড়ায় শহিদুল ইসলাম (৩৫)।
নিহত এএসআই নুরুল ইসলাম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর বড়ধুল গ্রামের আবদুল ওয়াহাব সরকারের ছেলে। তিনি পাবনার ঈশ্বরদী থানায় কর্মরত ছিলেন। এ ছাড়া মতিয়ার রহমান যশোরের কেশবপুর থানার তেঘুড়ী গ্রামের আবদুল মজিদ বিশ্বাসের ছেলে। তিনি কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। আর বগুড়ায় নিহত শহিদুল ইসলাম জেলার গাবতলী উপজেলার বাগবাড়ি কেএম উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কাসিমপুর সরকারপাড়ার মোজাম্মেল হকের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, নুরুল ইসলাম নিজ বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরবরধুল গ্রাম থেকে মোটরসাইকেলে করে কর্মস্থল ঈশ্বরদী যাচ্ছিলেন। হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গার সাতটিকরি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান নুরুল ইসলাম।
অপরদিকে গতকাল ভোররাতে একই মহাসড়কের র্যা ব-১২-এর প্রধান কার্যালয়ের সামনের রাস্তা পার হওয়ার সময় কাঁচামাল ব্যবসায়ী মতিয়ার রহমানকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।
এদিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার দ্বিতীয় বাইপাস এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের চালক শহিদুল ইসলাম। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে শাজাহানপুর উপজেলার মাদলা-চাঁচাইতারা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
প্রত্যক্ষদর্শী দুজন এবং বাগবাড়ি কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের ভাষ্যমতে, শহিদুল ইসলাম প্রায় ছয় বছর আগে বাগবাড়ি বিদ্যালয়ে যোগ দেন। এত দিন তিনি সপরিবারে বাগবাড়িতে বসবাস করলেও কয়েক মাস আগে বগুড়া শহরতলির জাহাঙ্গীরাবাদ-ফুলতলা এলাকায় বাসা ভাড়া নেন। গতকাল সকালে ফুলতলা থেকে বাগবাড়ি যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেল ধাক্কা খেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শাজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) কালা চান বলেন, দুর্ঘটনার ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।