সড়ক দুর্ঘটনায় এএসআইসহ চারজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে গত রোববার দিবাগত রাতে সড়ক দুর্ঘটনায় ওবায়দুর রহমান (৪১) নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ছাড়া দিনাজপুরের বোচাগঞ্জে গত সোমবার আবদুল লতিফ (৩৫) নামের এক পুলিশ কনস্টেবল ও নীলফামারীর ডিমলায় দুজন নিহত হয়েছেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
গাইবান্ধা: গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা গেছে, এএসআই ওবায়দুর রহমান এক মাস আগে গোবিন্দগঞ্জ থানায় যোগ দেন। রোববার রাতে গোবিন্দগঞ্জ থানার অন্য পুলিশ সদস্যদের সঙ্গে তিনি ঢাকা-রংপুর মহাসড়কের কাটাখালি হাওয়াখানা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। রাত দুইটার দিকে তিনি পুলিশের পিকআপ ভ্যান থেকে নেমে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি বাস তাঁকে চাপা দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার এসআই মাহবুবর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন। ওবায়দুর রহমান দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মৃত আবদুল ওয়াহেদের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, পুলিশ বাসটি শনাক্ত করার চেষ্টা করছে।
বিরামপুর (দিনাজপুর): বোচাগঞ্জ থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, চিলাপাড়া এলাকায় গত সোমবার ভোরে টহল দেওয়ার সময় পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। খবর পেয়ে পুলিশের একটি দল এবং স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আবদুল লতিফ মারা যান। গুরুতর আহত পুলিশ সদস্য বেলাল হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং আবদুল গাফ্ফারকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এএসআই রেজাউল ইসলাম ও গাড়িচালক সোহেল রানা বোচাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি আরও বলেন, নিহত আবদুল লতিফ গাইবান্ধা সদর উপজেলার মকসেদপুর গ্রামের আবু হোসেনের ছেলে। সোমবার সকাল সাড়ে নয়টায় বোচাগঞ্জ থানা প্রাঙ্গণে আবদুল লতিফের জানাজা শেষে পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়।
নীলফামারী: ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ খান বলেন, ফুলছড়িপাড়া গ্রামের বুদ্দুর মোড় এলাকায় সোমবার বিকেলে একটি ট্রাক্টর উল্টে খাদে পড়ে যায়। এ সময় ওই ট্রাক্টরের মালিক ও চালক আশরাফুল ইসলাম (২৭), চালকের সহকারী সাদেক আলী (২২) ও ট্রাক্টরে থাকা অপর ব্যক্তি তফিজুল ইসলাম (২৬) গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আশরাফুল ও সাদেকের মৃত্যু হয়। তাঁদের বাড়ি একই ইউনিয়নের ছাতনাই গ্রামে।
ডিমলা থানার ওসি রুহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।