সড়ক দুর্ঘটনায় এক পরিবারে চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। একই দিন গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একটি শিশু মারা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:ব্রাহ্মণবাড়িয়া: জেলার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের রাজামারিয়াকান্দি এলাকায় গতকাল বিকেলে হবিগঞ্জের লাখাইগামী একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এতে ওই গাড়ির ছয় আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে চারজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন—লাখাই উপজেলার কালাও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব হোসেনের স্ত্রী রোকসানা বেগম (৩২), ছেলে রিফাত হোসেন (১২), মেয়ে সোহা আক্তার (৫) ও শাশুড়ি আমেনা খাতুন (৬৫)। আহত মোতালেব হোসেন ও চালক রুবেল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোতালেব হোসেনের অবস্থা গুরুতর। তাঁর জন্য ‘এবি নেগেটিভ’ রক্তের প্রয়োজন। সহূদয় ব্যক্তিদের রক্ত দেওয়ার জন্য তাঁর পরিবার ০১৭১২০৮৮০১৩ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছে।গাজীপুর: শহরের নলজানি এলাকায় গতকাল ইভা আক্তার নামের পাঁচ বছরের এক শিশু সড়ক দুর্ঘটনায় মারা গেছে। মো. ইমামুদ্দিন ও জাহানারা দম্পতির একমাত্র সন্তান ছিল ইভা। দুপুরে খালার বাড়ি থেকে বাবা-মায়ের সঙ্গে বাসায় ফেরার পথে সে দুর্ঘটনার শিকার হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।