মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় গতকাল বুধবার এক পরিবারের চারজন নিহত হয়েছেন। একই দিন গাজীপুরের কালিয়াকৈরে এক যুবক নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
গজারিয়া থানার পুলিশ সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে ঢাকা থেকে কুমিল্লাগামী একটি ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা সিএনজিচালিত দুটি অটোরিকশার ওপর গিয়ে পড়ে। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশা দুটি। এতে এক অটোরিকশার আরোহী একই পরিবারের চারজন ঘটনাস্থলে নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চাঁদপুর গ্রামের কাজলী বেগম (৪৫), তাঁর মেয়ে ফুলমতি বেগম (২৫) ও আয়শা আক্তার (৪) এবং ফুলমতির ছেলে মারুফ (৩)। এ ছাড়া এক অটোরিকশাচালক আহত হয়েছেন। অপর অটোরিকশায় কোনো যাত্রী ছিল না।
দুর্ঘটনার পর মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে গজারিয়ার ভবেরচর হাইওয়ে ফাঁড়ির পুলিশ গিয়ে উল্টে যাওয়া ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। এ সময় পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, নিহতদের লাশ তাঁদের স্বজনেরা নিয়ে গেছেন।
কালিয়াকৈর থানার পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হরতকীতলা এলাকায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী (২৫) নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হন। তবে ওই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। পরে আশপাশের লোকজন ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করেন। আহতদের মধ্যে আবু বকর, জামাল হোসেন, কামাল হোসেন, আনোয়ার হোসেন, রোজিনা আক্তার, লিয়াকত হোসেন, রফিকুল ইসলাম, রেজিয়া বেগম, বিউটি দত্ত, রাবেয়া আক্তার, শাকিল মিয়া, যুথি আক্তার, মো. শাহাজাদা, জামাল উদ্দিন, নিশাত চৌধুরী, শামীম আহমেদ ও নূরুল আমীনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ঘটনার পরপরই দুই বাসের চালক ও সহযোগীরা পালিয়ে গেছেন।