সড়ক দুর্ঘটনায় এক পরিবারের চারজনসহ ছয়জনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪০ বাসযাত্রী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, বেলা আড়াইটার দিকে উপজেলার গেড়াখোলা সেতুর উত্তর পাশে একটি বাসকে অতিক্রম করছিল রুমিন পরিবহনের একটি বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের সঙ্গে রুমিন পরিবহনের বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের যাত্রী একই পরিবারের চারজন মারা যান। তাঁরা হলেন: গৃহবধূ রিনা বেগম (৩৫), তাঁর তিন ছেলেমেয়ে তানিয়া বেগম (১৬), হাসান মিয়া (১২) ও হোসেন মিয়া (২)। দুর্ঘটনায় রিনা বেগমের আরেক মেয়ে তামান্না বেগম গুরুতর আহত হয়েছে। তাঁদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিঠাখালি গ্রামে। বাসটি চট্টগ্রাম থেকে মঠবাড়িয়া যাচ্ছিল।গুরুতর আহত হালিমা বেগম (৩০) মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে মারা যান। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন সাহেব আলী (৪৫)। সাহেব আলী কুমিল্লার চান্দিনা থেকে বরিশাল যাচ্ছিলেন। ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসটি রাস্তার ওপর আড়াআড়ি হয়ে গেলে দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এ সময় রাস্তার উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিকেল চারটার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।