সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিনজনসহ নিহত ৬
টাঙ্গাইলে গতকাল শনিবার বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছে। ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহের নান্দাইলে গত শুক্রবার সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:টাঙ্গাইল: টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়ায় গতকাল দুপুর দুইটার দিকে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক দেলদুয়ার উপজেলার বাথুলি গ্রামের রনজিৎ সরকার (৩৫), তাঁর স্ত্রী মালতি সরকার (২৭) ও অজ্ঞাত আরও এক ব্যক্তি নিহত হন। আহত অবস্থায় রনজিতের ছেলে পার্থ সরকারকে (১০) হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার মালেকা চক্ষু হাসপাতালের কাছে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে একটি নছিমনকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই নছিমন চালক আলিম উদ্দিন শেখ (২৫) নিহত হন। নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়ন পরিষদের সামনে শুক্রবার সন্ধ্যায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক সুজন মিয়া (২৫) নিহত হন।