সড়ক দুর্ঘটনায় এক পরিবারের তিনজনসহ নিহত ৭
গাজীপুরে গতকাল শনিবার বাস ও ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। একই দিন শেরপুরে ট্রাকচাপায় এক ব্যাংক ব্যবস্থাপক, ময়মনসিংহে বাসচাপায় এক স্কুলছাত্রী ও নরসিংদীতে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাত পরিচয় (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গাজীপুর: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার বালিগাঁও চৌধুরী বাড়ি এলাকায় গতকাল সকালে ভৈরবগামী চলনবিল পরিবহনের একটি বাস ও ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ওই ব্যক্তিগত গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন: সিলেটের কোতোয়ালি থানার শাহি ঈদগা রোড এলাকার বাসিন্দা ইমাম হোসেন চৌধুরী (৪০), তাঁর স্ত্রী নাজমা আহাম্মেদ (৩৫), ইমাম হোসেনের শাশুড়ি শরিফুন নেছা (৫৫) এবং গাড়িচালক সুনামগঞ্জ সদরের আমির হোসেনের ছেলে বেল্লাল হোসেন (৩০)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছে। বাসটি আটক করা হয়েছে। শেরপুর: প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সদর উপজেলার নন্দীর বাজার এলাকায় গতকাল ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যাংক ব্যবস্থাপক নিহত হয়েছেন। নজরুল জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর শাখা জনতা ব্যাংকের ব্যবস্থাপক ছিলেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে। নজরুলের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা গ্রামে।ময়মনসিংহ: এলাকাবাসী সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার নওধার এলাকায় গতকাল স্কুল থেকে ফেরার পথে বাসের চাপায় প্রথম শ্রেণীর ছাত্রী হোসনে আরা বেগম (৬) নিহত হয়েছে। সে স্থানীয় একটি ব্র্যাক স্কুলের ছাত্রী। তার বাবা আবদুল কাদের জিলানী স্থানীয় একটি দৈনিকের সাংবাদিক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।নরসিংদী: প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ড এলাকায় গতকাল মালবাহী কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাত পরিচয় (৬০) এক বৃদ্ধ নিহত হয়েছেন। নরসিংদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নান্নু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।