সড়ক দুর্ঘটনায় এক প্রভাষকসহ নিহত ৪
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় মাজহারুল ইসলাম নামের এক প্রভাষক নিহত হয়েছেন। মাজহারুল ঘোড়াঘাটের ডুগডুগিহাট কলেজের ভূগোলের প্রভাষক ছিলেন। একই দিন বগুড়ার কাহালুতে এক শ্রমিক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এক শিশু ও এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বিরামপুর (দিনাজপুর): মাজহারুলের ছোট বোন আরেফিন পারভীন জানান, তাঁদের গ্রামের বাড়ি ঘোড়াঘাটের চৌরিয়া গ্রাম থেকে মাজহারুল মোটরসাইকেলে করে তাঁকে পার্বতীপুর উপজেলার খোলাহাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়ে যাচ্ছিলেন। দুপুরে নবাবগঞ্জের চকদুলু এলাকায় পৌঁছালে একটি ধানবোঝাই ট্রাক্টর তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত মাজহারুল ও তাঁকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জ: বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে চৌহালীর কুরকি যোগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি নছিমনে ওঠেন কোহিনুর খাতুন (৩৫)। এ সময় মাটিবোঝাই একটি ট্রলি পেছন থেকে নছিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কোহিনুর নিহত হন। তিনি স্থানীয় হাফানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। এ ঘটনায় এলাকাবাসী তাৎক্ষণিকভাবে ট্রলিচালক হাসান আলীকে আটক করে পুলিশে দেন। কোহিনুর বই আনতে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে যাচ্ছিলেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার এনায়েতপুর থানায় নছিমনের ধাক্কায় রত্না খাতুন (৮) নামের এক শিশু নিহত হয়েছে।
দুপচাঁচিয়া (বগুড়া): বিকেলে কাহালুর বারমাইল এলাকায় আজাদ পেপার কারখানার মাটি কাটার কাজ শেষে শ্রমিক জামাল হোসেন প্রামাণিক (৪৫) সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই কারখানা থেকে একটু দূরে বগুড়াগামী একটি মিনি ট্রাক জামালকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।