সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকসহ নিহত ৫

চাঁপাইনবাবগঞ্জে গতকাল রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একই দিন দিনাজপুরে এক শিক্ষকসহ দুজন ও নওগাঁয় এক নারী নিহত হয়েছেন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জ: শহরের শান্তিরমোড়ে গতকাল সকাল সাড়ে আটটার দিকে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারালে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় সেখানে বসে থাকা সৈয়ব আলী (৮৫) নামের এক ব্যক্তি বাসের ধাক্কায় দূরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজশাহী নেওয়ার সময় পথে তাঁর মৃত্যু হয়। সৈয়ব আলী পৌর এলাকার রামকৃষ্টপুর মহল্লার বাসিন্দা। এ দুর্ঘটনায় আরও ছয়জন আহত হন।
এ ছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রানীহাটি কলেজের সামনে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মফিজুল ইসলাম (৩৪) নামের এক ভটভটিচালক নিহত হয়েছেন। তিনি উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের খোকা মণ্ডলের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিরামপুর (দিনাজপুর): নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে নিজের ব্যক্তিগত গাড়িতে করে দিনাজপুরের বাসায় ফিরছিলেন রাকতুবা বেগম (৫০) ও তাঁর গৃহপরিচারিকা সুলতানা রাজিয়া (২২)। সদর উপজেলার সুন্দরবন এলাকায় গতকাল দুপুর পৌনে ১২টার দিকে চাকা ফেটে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাকতুবা ও সুলতানা নিহত হন। এ সময় স্থানীয় লোকজন গুরুতর আহত গাড়িচালক জনিকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। রাকতুবা বেগম দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
আদমদীঘি (বগুড়া): গতকাল দুপুরে নওগাঁর রানীনগর উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকায় মাটিবোঝাই একটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই ঝর্ণা বেগম (৪২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। পরে স্থানীয় লোকজন চালকসহ ট্রাক্টরটিকে আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করে নিয়ে যায় পুলিশ। ঝর্ণা বগুড়ার আদমদীঘির প্রান্নাথপুর গ্রামের মো. মুকুল হোসেনের স্ত্রী।
রানীনগর থানার ওসি (তদন্ত) আবদুল্লাহহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।