সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজন নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালীতলা এলাকায় গত শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় নছিমনের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার দিনাজপুরের বিরলে এক শিশু নিহত ও রংপুরের কাউনিয়ায় ৪৫ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার কাহালুর চিয়ারপোগইল গ্রামের কাজল মিয়া (২৫) ও দুদু মিয়া (২৬)। বিরলে নিহত শিশুর নাম আরমিনা আক্তার (৬)। সে স্থানীয় এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ত।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
গাইবান্ধা: গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, শনিবার রাতে দুদু মিয়াসহ কয়েকজন নছিমনে করে বগুড়া থেকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরের দিকে রওনা দেন। রাত সাড়ে নয়টার দিকে কালীতলা এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বাস নছিমনকে চাপা দেয়। এতে নছিমনটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় নছিমনের চালক কাজল ও যাত্রী দুদু ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ বাসটি জব্দ করেছে। এ ঘটনা মামলা হয়েছে।
বিরামপুর (দিনাজপুর): বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত বলেন, আরমিনা পচাকান্দর গ্রামের আরমান আলীর মেয়ে। সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার সময় বিরল-নাড়াবাড়ী সড়কের বুনিয়াদপুর এলাকায় আরমিনাকে পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে সে অচেতন হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আরমিনাকে মোটরসাইকেল আরোহী মেজবাহুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তখন মেজবাহুলকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম আটক করে পুলিশে সোপর্দ করেন।
বদরগঞ্জ (রংপুর): জেলার কাউনিয়ায় যাত্রীবোঝাই দুটি বাস খাদে পড়ে শিশু, নারীসহ ৪৫ জন আহত হন। গতকাল সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, বাস দুটির চালক কেউ কাউকে জায়গা না দিয়ে বেপরোয়া গতিতে বাস চালানোয় এ দুর্ঘটনা ঘটে।