সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী-পাবনা মহাসড়কে বালুবোঝাই একটি ট্রাকের চাপায় নায়েব আলী (৪৫) নামের এক করিমনচালক নিহত ও করিমনের দুই যাত্রী আহত হয়েছেন। নায়েব আলী ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর ডিলুনগর গ্রামের বাসিন্দা। এদিকে জেলার বেড়া পৌর এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে একটি শিশু মারা গেছে। শিশুটির নাম তনু খাতুন (৭)। সে বেড়া পৌর এলাকার পায়না মহল্লার আনোয়ার হোসেনের মেয়ে।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজী খুরশেদ আলম বলেন, ঈশ্বরদী-পাবনা মহাসড়কের পাশে ঈশ্বরদীর কালিকাপুর বাজার এলাকায় গতকাল সকাল আটটার দিকে যাত্রীসহ করিমনটি দাঁড়িয়ে ছিল। এ সময় পাবনামুখী বালুবোঝাই দ্রুতগামী একটি ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই করিমনচালক নায়েব আলী মারা যান। আহত দুই যাত্রীকে ঈশ্বরদী ও পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক।
এদিকে বেড়ায় নিহত হওয়া শিশু তনু স্থানীয় রংধনু কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলে শিশু শ্রেণিতে পড়ত। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শিশুটি বাড়িসংলগ্ন বেড়া-মোহনগঞ্জ সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। বিকেল পাঁচটার দিকে বালুবোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। দুর্ঘটনার পর এলাকাবাসী ট্রাকটিকে ধাওয়া করলে চালক যানটি ফেলে পালিয়ে যান।