সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ দুজন নিহত
গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের নতুনবাজার এলাকায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র শিফাত আকন্দ (৭) নিহত হয়েছে। এদিকে গত শনিবার কুড়িগ্রামের সদর উপজেলায় সাহেব আলী (৪৫) নামের এক ট্রাকচালক নিহত ও ১০ জন আহত হয়েছেন।
শিফাত সুন্দরগঞ্জের পশ্চিম রাজীবপুর গ্রামের মোরশেদুল আকন্দের ছেলে। সে ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিল।
সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন বলেন, গতকাল বেলা দেড়টার দিকে শিফাত স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় নতুনবাজার এলাকায় পৌঁছালে আমবোঝাই একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে শিফাতকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
কুড়িগ্রাম সদর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি কয়লাবাহী ট্রাকের সঙ্গে কাঁঠালবাড়ী এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক সাহেব আলী ও বাসের ১০ যাত্রী আহত হন। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত সাহেব আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গতকাল সকালে তাঁর মৃত্যু হয়। সাহেব আলী চিলমারীর তজু মিয়ার ছেলে।