সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ইসলামাবাদ বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ মা-বাবা ও অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত হয়েছেন শাহজাহান মিয়া (৩৫), তাঁর স্ত্রী রোশেনা বেগম (৩০), ছেলে আশরাফুল মিয়া (৮), বড় মেয়ে স্বপ্না বেগম (৭) এবং অটোরিকশাচালক হাশেম মিয়া (৩৮)। অটোরিকশার যাত্রীরা সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বছিউড়া গ্রামের বাসিন্দা। আর চালক হাশেম মিয়া একই ইউনিয়নের বারিউড়া গ্রামের আবদুর নুর মিয়ার ছেলে। অটোরিকশার যাত্রীরা বছিউড়া গ্রামের বাড়ি থেকে সদর উপজেলার সুতিয়া গ্রামে যাচ্ছিলেন।
রোশেনার বড় ভাই সুতিয়ারা গ্রামের ইউপি সদস্য আবদুল্লাহ মিয়া বলেন, আগামীকাল (আজ শুক্রবার) তাঁর বড় মেয়ের বিয়ের দিন ধার্য ছিল। শাহজাহান ও তাঁর স্ত্রী-সন্তানেরা সেই বিয়ের অনুষ্ঠানে যোগদানের জন্য সুতিয়ারা গ্রামে যাচ্ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী বেপরোয়া গতির সিমেন্টবোঝাই ট্রাকটি বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে এটি দুমড়ে-মুছড়ে যায়। এতে দুই শিশুসহ মা এবং অটোরিকশাচালক হাশেম মিয়া ঘটনাস্থলেই নিহত হন। শাহজাহান মিয়া ও তাঁর ছোট মেয়ে রত্না বেগমকে (৫) জেলা সদর হাসপাতালে পাঠানো হলে কিছুক্ষণ পর শাহজাহান মারা যান।