সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ১২
সিরাজগঞ্জে গত দুই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া রাজশাহী ও ময়মনসিংহে দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও দুজন। এসব ঘটনায় বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ ও রায়গঞ্জ: উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুরকা বেলতলায় গতকাল মঙ্গলবার দুপুরে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি চূর্ণবিচূর্ণ হয়ে সড়কের সঙ্গে পিষ্ট হয়। ঘটনাস্থলেই সলঙ্গার রাধানগর গ্রামের নীল চানের স্ত্রী শেফালী খাতুন (৩২), ভাই উজ্জ্বল মিয়া (২৮), ভাইয়ের স্ত্রী লাকী খাতুন (২৪), উজ্জ্বলের ১১ মাস বয়সী শিশু সুরাইয়া খাতুন; মাসুয়াকান্দি গ্রামের শাহ আলমের ছেলে বাবু মিয়া (২৫), জঞ্জালীপাড়া গ্রামের আমিনুল ইসলাম (৪০) ও অটোরিকশাচালক দত্তকুষা গ্রামের রিপন আলী (২৫) নিহত হন। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা ও সলঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে। এ সময় ঘণ্টাব্যাপী সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন এলাকাবাসী। এ সময় ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানের গাড়ির বহর অবরোধের কবলে পড়ে। পরে প্রতিমন্ত্রী সড়কে একটি গতিরোধক করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে বিক্ষুব্ধ লোকজন অবরোধ তুলে নেন। এর আগে গত সোমবার ভোরে সিরাজগঞ্জ-কড্ডা সড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কোনাগাতী নামক স্থানে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন সদর উপজেলার চরবনবাড়িয়া গ্রামের বাসিন্দা অটোরিকশাচালক আবুল কালাম (৪০) ও বনবাড়িয়া গ্রামের রেজাউল ইসলাম (৩৫)। রাজশাহী: গত সোমবার রাত আটটার দিকে সাহেববাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন কাপড় ব্যবসায়ী সোহেল রানা (৪৫)। পথে নগরের পঞ্চবটী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পুলিশ ভ্যান ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তাঁর বাড়ি নগরের রানীনগর শহীদ মিনার এলাকায়। নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, স্থানীয় লোকজন দাবি করছেন, পুলিশের গাড়ির ধাক্কায় সোহেল রানা মারা গেছেন। তবে পুলিশ তা বুঝতে পারেনি।ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গাজীপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল মঙ্গলবার বাসের নিচে চাপা পড়ে রইছ উদ্দীন (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। প্রতিবাদে এলাকাবাসী ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা ইয়াসমিন ও গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেওয়ার অনুরোধে করেন। কিন্তু এলাকাবাসী অবরোধ তুলে না নিলে পুলিশ লাঠিপেটা করে। এ সময় বেশ কয়েকজন আহত হন। নিহত রইছ উদ্দীন উপজেলার ডৌহখলা ইউনিয়নের পানহাটি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।