সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের ঝাউগড়া এলাকায় গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে সিএনজিচালিত অটোরিকশা ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন।নিহত ব্যক্তিরা হলেন: জসীম উদ্দিন (৭০), তাঁর স্ত্রী আমেনা খাতুন (৫৫) ও নাতি আবদুল কাইয়ুম (১৫)। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের কোনাপাড়া ইন্দ্রজিতখিলা গ্রামের একই পরিবারের পাঁচজন অটোরিকশাযোগে টঙ্গীর বিশ্ব ইজতেমা থেকে বাড়ি ফিরছিলেন। ঝাউগড়া এলাকায় বিআরটিসির দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় বিপরীত দিক থেকে আসা ইটভাটার মাটিবাহী পাওয়ার টিলারের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জসীম ও কাইয়ুম মারা যান। অটোরিকশার চালক তারা মিয়া (৩৫) এবং যাত্রী সাব্বির (৬), আমেনা খাতুন ও হাসেন আলীকে (৫৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল সাড়ে চারটার দিকে আমেনা খাতুন মারা যান। খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে। থানার উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দীন জানান, ময়নাতদন্তের জন্য ওই তিনজনের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। অটোরিকশা ও পাওয়ার টিলার আটক করা হয়েছে।