সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫
নরসিংদীর শিবপুর উপজেলায় যাত্রীবাহী টেম্পো ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত একটার দিকে উপজেলার কুমড়াদী এলাকায় ঢাকা-মঠখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন শিবপুরের জয়নগর ইউনিয়নের কুমারটেক গ্রামের বেদন মিয়া (৩৫), তাঁর স্ত্রী জহুরা বেগম (৩২), তাঁদের দেড় বছরের মেয়ে সাজেদা বেগম, জহুরার চাচা ও চক্রধা ইউনিয়নের বিলসরণ গ্রামের বাসিন্দা রাজু মিয়া (৫০) এবং মনোহরদী উপজেলার বগাদী গ্রামের বাসিন্দা ও টেম্পোচালকের সহকারী সিরাজ মিয়া (৩০)। তাঁরা নরসিংদীর ইটাখোলা বাসস্ট্যান্ড থেকে টেম্পোতে শিবপুরে যাচ্ছিলেন। শিবপুর থানার পুলিশ জানায়, ঢাকা-মঠখোলা সড়কের কুমড়াদী এলাকায় টেম্পোর সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোটি দুমড়ে-মুচড়ে গিয়ে পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত হয় টেম্পোচালক ইসমাইল।